কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির অংশ হিসেবে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক।

এ উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল আসাদুল হকের মাথায় একটি বালতিতে থাকা দুধ ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগের প্রতীকী ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয়রা।

আসাদুল হকের দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, আসাদুল হক পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডলের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে আসাদুল হক বলেন,
“আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। দীর্ঘদিনের ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেওয়ার। আজ আমার সেই আশা পূরণ হয়েছে।”

তিনি আরও বলেন,
দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আমি এ দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *