রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খানের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও মারধরের অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় পাংশা পৌর শহরের দর্গাতলা এলাকায় পৌর বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে রইচ উদ্দিন খান অভিযোগ করেন, ইদ্রিস আলী মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বে জোরপূর্বক জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, ইদ্রিস মণ্ডল তার কাছে ১০ শতাংশ জমি ১৬ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করলেও পরবর্তীতে তা রেজিস্ট্রি করতে গড়িমসি করছেন।
তিনি আরও বলেন, গত ১৬ এপ্রিল সকালে ইদ্রিস মণ্ডলের ইটভাটা অফিসে গিয়ে জমি রেজিস্ট্রির বিষয়ে কথা বললে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে পরে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়।
রইচ উদ্দিন খান দাবি করেন, আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে। তিনি ইদ্রিস আলী মণ্ডলের গ্রেপ্তার দাবি জানান এবং তা না হলে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, জমির মালিক পলি কুন্ডুসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *