1. রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা বেগম ওই গ্রামের দিনমজুর নুরুল হকের স্ত্রী।
    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়ির উঠানে থাকা লাকড়ি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বন্যা বেগম। এ সময় তিনি বাড়ির পাশের একটি খেজুর গাছের নিকটে অবস্থান করছিলেন। হঠাৎ আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
    পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।
    সাত মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
    খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে একজন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং অসচ্ছল পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *