রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ে পড়া না পারাকে কেন্দ্র করে মো: তাছিন মুন্সী (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থী বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মো: আহাদ হোসেনকে পরে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখে বলে জানা গেছে।
আহত তাছিন মুন্সী মৌরাট ইউনিয়নের মালঞ্চি এলাকার মো: সবুজ মুন্সীর ছেলে এবং বাগদুলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক আহাদ হোসেন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের খরখরিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে পড়া না পারায় শিক্ষক প্রথমে শিক্ষার্থী তাছিনকে ১০ থেকে ১৫টি বেত্রাঘাত করেন। পরে তাকে শ্রেণিকক্ষের মেঝেতে ফেলে লাথি মারারও অভিযোগ ওঠে। এ সময় সহপাঠীরা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত শিক্ষকের নিরাপত্তার স্বার্থে তাকে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে আটকে রাখা হয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: BD24Live⁠

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *