দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানের এক পর্যায়ে মাহেন্দ্র স্ট্যান্ডের দুই চালক ইউএনওকে সাধারণ যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করেন।
পরে বিষয়টি নিশ্চিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই চালকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *