রাজবাড়ীর পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দুর্যোগ ঝুঁকি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *