রাজবাড়ীর পাংশায় বিয়ের প্রলোভনে ডেকে এনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে ২২ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাংশা মডেল থানা-তে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর–০১; তারিখ–০১/০৩/২০২৬।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাংশা থানাধীন সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের একটি সরকারি আশ্রয়ণ কেন্দ্রের কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছেন। অভিযোগ অনুযায়ী, প্রায় সাত মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজল (২৩)-এর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি সেই সম্পর্কের অবসান ঘটে।

এরপর সজলের বন্ধু আকাশ মণ্ডল ফোন করে তরুণীকে পাংশায় এলে সজলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। ওই আশ্বাসে তিনি গাজীপুর থেকে পাংশায় আসেন বলে জানান।

অভিযোগে বলা হয়, পাংশায় পৌঁছানোর পর তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্ত আকাশ মণ্ডল বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে এবং জামাল মণ্ডল একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *