রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর এলাকায় এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রবিবার (ভোর) রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শমসের আলী শেখ (৪৫) একই এলাকার সোবান শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একই এলাকার মাদক কারবারি হিসেবে পরিচিত বরকত শেখ একটি বাঁশ নিয়ে শমসের আলী শেখের বাড়িতে গিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত বরকত শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *