কুষ্টিয়া থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন নিয়ে ঢাকার নবীনগরে যাওয়ার সময় রাজবাড়ীর গোয়ালন্দ থেকে নূর মোহাম্মদ (৫২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে অভিযান চালিয়ে দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্স থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

আটক নূর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বড়বাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ কুষ্টিয়া থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন বহন করে ঢাকার নবীনগরে যাচ্ছিলেন। দুপুরে তিনি কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে ওঠেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারির সামনে চেকপোস্ট স্থাপন করে।

বিকেল ৩টার দিকে বাসটি সেখানে পৌঁছালে ডিবি পুলিশ বাসে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে নূর মোহাম্মদের কাছে থাকা একটি কালো ব্যাগে তল্লাশি করে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : বিডি২৪লাইভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *