রাজবাড়ীর পাংশা উপজেলায় লোহার হাতুড়ি দিয়ে মাজারের গম্বুজ ভাঙচুরের চেষ্টার অভিযোগে হোসেন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার মাছপাড়া রেলস্টেশনের উত্তর পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হোসেন শেখ লোহার হাতুড়ি দিয়ে মাজারের গম্বুজ ভাঙতে শুরু করেন।
এ সময় স্থানীয় লোকজন ও মাজারের ভক্তরা তাকে হাতেনাতে আটক করেন। এর আগেও তিনি মাজারের ছাদের গম্বুজের কার্নিশ ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে। তখন এলাকাবাসী তাকে ধরার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে হোসেন শেখকে হেফাজতে নেয়। পরে মাজারের খাদেম হাকিম সর্দার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *