রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি-জনিত জটিলতায় ভুগছিলেন। পরবর্তীতে স্ট্রোক করলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকার একটি সুপার স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের একজন সুপরিচিত রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সমাজকল্যাণ ও জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তাঁর মৃত্যুতে রাজবাড়ী ও কালুখালী অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করা হয়েছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *