রাজবাড়ী–বালিয়াকান্দি সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মশাররফ হোসেন (৩৮) রাজবাড়ী সদর উপজেলার বানীবহ এলাকার বাসিন্দা এবং মোঃ বাতেন মোল্লার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অটোগাড়িটির দৃশ্যমান কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি দেখা যায়নি। এছাড়া গাড়িতে কোনো যাত্রী ছিল কিনা সে বিষয়েও তারা নিশ্চিত করতে পারেননি। স্থানীয়রা ঘটনাস্থলে এসে রাস্তার মাঝখানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
পরবর্তীতে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে। বর্তমানে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *