কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় টানা ৮ ঘণ্টার অভিযানে দুইটি পুকুর থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের একটি চালান কুমিল্লায় প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে ভোরে কটকবাজার এলাকায় অবস্থান নেন র‍্যাব সদস্যরা। দীর্ঘ সময় নজরদারির পর নিশ্চিত হওয়া যায়, একটি পুকুরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে।

পরে পুকুরে তল্লাশি চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। এরপর পাশের আরেকটি পুকুরে অভিযান চালিয়ে আরও কয়েকটি বস্তা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—

  • তিনটি বিদেশি পিস্তল

  • একটি রিভলবার

  • দুটি একনালা বন্দুক

  • ছয়টি ম্যাগাজিন

  • বিপুল পরিমাণ গুলি

  • ৩৩টি দেশীয় অস্ত্র

অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকেই নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

র‍্যাব–১১ সিপিসি–২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *