রাজধানীতে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে। সংগঠনটির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানা গেছে।

সংগঠনটির দাবি, পুলিশের গুলিতে তাদের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আহত হয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, আব্দুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়। একই সঙ্গে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে আপাতত কোনো জমায়েত না করার অনুরোধ করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, আহতদের চিকিৎসা শেষে পুনরায় কর্মসূচি দেওয়া হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *