ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত ২টা থেকে ভোর পর্যন্ত মোহাম্মদপুরের টাউন হল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজু (৩৫), রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিন (১৮) নামের পাঁচজনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ১২ হাজার ৩০ পিস ইয়াবা, ১ হাজার ১১০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, দুটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র এবং ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুনিয়া সোহেল কারাগারে যাওয়ার পর জেনেভা ক্যাম্প এলাকায় মাদক নিয়ন্ত্রণ করছে মনু, পিচ্চি রাজা ও চুয়া সেলিম। এ চক্রের প্রধান জোগানদাতা হিসেবে ‘চাপা আরিফ’ নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে, যিনি এখনো পলাতক।

গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *