রাজবাড়ীর পাংশা উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ১৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আরও দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমষপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ১৩ জনকে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—
মোঃ আজাদ খাঁ, মোঃ বাদশা মন্ডল, মোঃ আরিফুল ইসলাম (আরিফ), মোঃ মনা শেখ, মোঃ আল-আমিন হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ শান্ত শেখ, শুকুর খাঁ, রোকনুজ্জামান, সোহেল মন্ডল, রাসেল খান, সজীব প্রামানিক ও আলামিন শেখ।

এছাড়া একই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আসলাম ও রাকিব সরদারকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ বলেন, “ফসলি জমি দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এসব জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, জনস্বার্থ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *