রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের এক সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্র-ব-১৫-৬৭০২) যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভাড়া আদায় করছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পাওয়া যায়।
পরে দায় স্বীকার করায় গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার মো. আব্দুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও প্রতিবাদ করলে উল্টো দুর্ব্যবহারের শিকার হতে হতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *