রাজধানীর হাজারীবাগ এলাকায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তার সাবেক প্রেমিক সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে Dhaka Metropolitan Police মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানান।

পুলিশ জানায়, নিহত শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিয়াম ফোন করে তাকে বাসা থেকে বাইরে ডেকে নেয়। পরে হাজারীবাগ থানাধীন চরকঘাটা এলাকায় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ডিসি মাসুদ আলম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগান এলাকার কাঁঠালবাগানে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থলে ব্যবহৃত আলামত ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা গেছে, বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়ত এবং তাদের মধ্যে প্রায় চার বছরের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি ও পারস্পরিক সন্দেহ থেকে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার দিন বিষয়টি নিয়ে কথা বলার সময় উত্তেজনা বাড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সিয়াম পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সুত্র : news24bd.tv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *