রাজবাড়ীর কালুখালী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত সরেজমিন পরিদর্শন ও তদারকি চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি উপজেলার রতনদিয়া ইউনিয়ন ও মাজবাড়ী ইউনিয়ন এলাকায় টিআর, কাবিখা, কাবিটা ও জিআর প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের মান, অনুমোদিত নকশা অনুযায়ী বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের সুবিধা-অসুবিধা সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কিছু প্রকল্পে প্রাক্কলন (এস্টিমেট) অনুযায়ী কাজের অসামঞ্জস্য ধরা পড়ে। এ বিষয়ে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ইউএনও। একটি সড়কের কাজ পুনরায় সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়ে তিনি বলেন, “সরকারি অর্থের প্রতিটি টাকায় জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের মানহীন কাজ বরদাস্ত করা হবে না।”
পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ কঠোর নজরদারিকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের নিয়মিত তদারকি অব্যাহত থাকলে সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও কাজের মান আরও নিশ্চিত হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়ন কার্যক্রমে জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখতে ভবিষ্যতেও এমন সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *