রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি শিখন (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব জানায়, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে জাহিদ ফকিরের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানা-য় ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামিদের গ্রেফতারে সহায়তার জন্য র‌্যাব-১০ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শিখন (২৫), পিতা- রাজ্জাক, গ্রাম- লক্ষীকোল সিলিম, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী—কে গ্রেফতার করা হয়।
এর আগে মামলার প্রধান আসামি রাতুলকেও গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত শিখনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *