যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাশ্বশুর ও চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, কর্মস্থল থেকে ছুটি নিয়ে শনিবার বিকেলে নিজ মোটরসাইকেলে চৌগাছার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রিপন। আফরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার হাসান (৪০), রাহুল (২০) এবং রঘুনাশপুর এলাকার তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *