রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়ন এর পেপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার উকিল মন্ডল ও গফুর শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, পেপুলবাড়িয়া গ্রামের খয়বর খাসহ কয়েকজন তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের নির্দেশে আবজাল, আহমদ আলী, মোহাম্মদ আলী, ঝন্টু ও মন্টুর নেতৃত্বে কয়েকজন হামলা চালায়।

সংঘর্ষে আহতরা হলেন খয়বর খা, রতন আলী, লিয়াকত আলি বিশ্বাস, নাঈম বিশ্বাস, রনি খা, মিরাজ খা, রেহেনা খাতুন ও নুসরাত জাহান। গুরুতর আহত রতন আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে। অন্যরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. এনামুল হক জানান, আহতদের মধ্যে রতন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *