রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে একটি দোকানঘরে পরিকল্পিতভাবে কাঠের লাঠি ও ইটপাটকেল মজুদ রাখার দায়ে মো. হিলাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারুয়া বাজারের ‘ভাই-ভাই সেনেটারিজ’ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। দণ্ডপ্রাপ্ত হিলাল উদ্দিন নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন ভোট গ্রহণের আগে ও পরে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে দোকানটিতে ৫৪টি কাঠের লাঠি ও পাঁচ ব্যাগ ইটপাটকেল মজুদ রাখা হয়েছিল। ঘটনাস্থলে বিএনপির এক এমপি প্রার্থীর একাধিক ফেস্টুন ও ব্যানারও দেখা যায়।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি স্বীকার করেছেন যে মারামারির উদ্দেশ্যে এসব লাঠি ও ইটপাটকেল রাখা হয়েছিল। তবে তিনি দাবি করেন, এগুলো তার বড় ভাই মো. বিল্লাল উদ্দিন রেখেছেন। বিল্লাল উদ্দিনকে একাধিকবার মুঠোফোনে দোকানে উপস্থিত হতে বলা হলেও তিনি আসেননি।

এ ঘটনায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১৭১ (চ) ধারায় নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে উপকরণ মজুদের দায়ে মো. হিলাল উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

তল্লাশি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে একদল সেনাসদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *