রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা হাসান।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদ্যালয়টিতে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে একটি ক্যামেরা খুলে নিয়ে যায়। তবে ঘটনার সময় ক্যামেরাগুলোর সংযোগ বিচ্ছিন্ন থাকায় চোরদের কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার স্কুল ছুটির পর শিক্ষকেরা ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। ফলে চুরির ঘটনার সময় ফুটেজ সংরক্ষিত হয়নি। বর্তমানে বিদ্যালয়ের অবশিষ্ট তিনটি ক্যামেরা দিয়ে নজরদারি কার্যক্রম চালু রয়েছে।

উল্লেখ্য, রাজবাড়ী-২ আসন (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) এলাকায় মোট ১৯৮টি ভোটকেন্দ্র রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *