রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন বিনোদন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করলো “পল্লীগ্রাম বিনোদন কেন্দ্র”। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হযরত আলী মন্ডল। পারিবারিক ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে বিনোদন কেন্দ্রটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কার, পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মোঃ সেলিম এবং রক্তিম হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার ছয় ফুফু রাবিয়া খাতুন, আনোয়ারা বেগম, কুলসুম বেগম, শাহিদা খাতুন, সালেহা বেগম ও জাহানারা বেগম। এছাড়াও আব্দুল মান্নান মন্ডলসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, পাংশা উপজেলায় মানসম্মত বিনোদন কেন্দ্রের অভাব দীর্ঘদিনের। বিনোদনের জন্য স্থানীয় মানুষকে দূরে যেতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই পল্লীগ্রাম বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এটি শিশু কিশোরসহ সব বয়সের মানুষের জন্য একটি আনন্দদায়ক বিনোদনস্থল হয়ে উঠবে।

পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা রক্তিম হোসেন বলেন, এলাকার মানুষের বিনোদনের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবার-পরিজন নিয়ে নিরাপদ ও সুন্দর পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া পেলে ভবিষ্যতে এই বিনোদন কেন্দ্রকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *