ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌসুমী আক্তার বৃষ্টি (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাংশা পৌরসভার সর্দার বাসস্ট্যান্ড এলাকার আমেরিকা প্রবাসী আব্দুল মমিন মণ্ডলের তিনতলা বাড়ির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পাংশা মডেল থানার এসআই ওবাইদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় বৃষ্টির মরদেহ উদ্ধার করেন।

নিহত বৃষ্টি উপজেলার মৃগী বিশ্বাস বাড়ি এলাকার মোসলেম উদ্দিন বিশ্বাসের মেয়ে। তিনি সৌদি প্রবাসী এবং যশোর জেলার ঝিকরগাছা থানার বাইসা এলাকার বাসিন্দা মো. আশানুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে চলমান কলহের কারণে বৃষ্টি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *