রাজবাড়ী, ১০ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে গ্রামের বাড়িতে ফিরছেন হাজারো মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখী মানুষের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। তবে অতিরিক্ত চাপ থাকলেও বড় ধরনের যানজট বা দীর্ঘ সময় আটকে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিনের অবকাশ পেয়েছেন সাধারণ মানুষ। এই সুযোগে এবং ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে গ্রামের বাড়ির পথে যাত্রা করছেন তারা।

বাড়িফেরা কয়েকজন যাত্রী জানান, ছুটির সুযোগ কাজে লাগিয়ে তারা ভোট দিতে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। ভোট প্রদানকে নাগরিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে কষ্ট হলেও বাড়ি ফিরছেন তারা। তবে কিছু যাত্রী অভিযোগ করেন, সুযোগ বুঝে কিছু পরিবহনকর্মী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার রাত থেকেই ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে ঘাট এলাকায় কোনো যানবাহনের জট সৃষ্টি হয়নি। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পারাপার স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে।

নির্বাচনকে ঘিরে আগামী কয়েকদিন নৌরুটে যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *