রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ পৌঁছেছে।

স্থানীয় কলেজ ছাত্র বেনজির হোসেন জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর এখন পর্যন্ত ৫-৬ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় কয়েকজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং হতাহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *