রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ব্যাপক উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। উদ্ধার কার্যক্রমে গতি আনতে ঢাকার পাশাপাশি ফরিদপুর থেকেও বিশেষ ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে উপস্থিত ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় আরও দুটি বিশেষায়িত ইউনিট যোগ দিলে উদ্ধার কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে আনুমানিক ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর সাত থেকে আটজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, বাকিদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাঁতরে তীরে ওঠা যাত্রী আব্দুল আজিজ জানান, “চোখের পলকে বাসটি নদীতে পড়ে যায়। আমি কোনোভাবে পাড়ে উঠতে পেরেছি। তবে আমার স্ত্রী, ছয় বছরের সন্তান ও শাশুড়ির এখনো খোঁজ পাইনি।”

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *