টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে বসে থাকা যাত্রীদের ওপর ট্রেনের ধাক্কা: একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলার সময় তেল শেষ হয়ে যায়। পরে চালক বাসটি সড়কের পাশে থামিয়ে দেন। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে রেললাইনের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন।

এদিকে, ওই সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে যায়। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ট্রেনের আগমনের শব্দ বা সংকেত বুঝতে না পারায় তারা সরে যেতে পারেননি। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। ওসি সফিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *