ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে ফিলিপ সাংমা নামে আরও একজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

শনিবার (১৪ মার্চ) ভোরে নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে এসটিএফ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতেই ফিলিপ সাংমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে সীমান্ত পারাপারের কাজ করতেন।

তদন্ত সূত্রে জানা যায়, ওসমান হাদি হত্যার পর বাংলাদেশ পুলিশের চাপ বাড়তে থাকলে ফিলিপ সাংমা ওই সীমান্ত দিয়েই ভারতে পালিয়ে যান। পরে ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ রেখে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। তবে তাদের গ্রেফতারের পর সেই পরিকল্পনা ভেস্তে যায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি লাগলে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র: এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *