ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে এক বাবা তাঁর ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন। গত সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন মো. আবু জাফর নামে এক ব্যবসায়ী।

পারিবারিক সূত্র ও হলফনামা থেকে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা আবু জাফর তাঁর ছেলে মো. নাহিদ হাসান সবুজের (২৪) সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আবু জাফর দাবি করেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য আচরণ ও উশৃঙ্খল জীবনযাপনে লিপ্ত। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে বসবাস না করে আলাদাভাবে বসবাস করছেন। গত ৫ আগস্ট ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও সবুজ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ করা হয়।

বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

ছেলের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে আবু জাফর বলেন, “আমি চাই না আমার সন্তান দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজে জড়িত থাকুক। বারবার সতর্ক করার পরও সে নিজের অবস্থান পরিবর্তন করেনি। বাধ্য হয়েই আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

হলফনামায় আরও স্পষ্ট করা হয়েছে, এখন থেকে নাহিদ হাসান সবুজের কোনো আয় রোজগার, দায়-দেনা কিংবা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার তাঁর বাবা বা পরিবারের অন্য সদস্যরা বহন করবেন না।

আইনি প্রক্রিয়াটি সম্পন্ন করেন ঝিনাইদহ জেলা জজ কোর্টের আইনজীবী মো. সাদাতুর রহমান হাদি।

এ বিষয়ে বক্তব্য জানতে নাহিদ হাসান সবুজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।

সূত্র: news24bd.tv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *