শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ার দখলকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে, যেখানে জামায়াতে ইসলামীর অন্তত ৫০ জন সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আজ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম নামে একজনের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এখন জনসাধারণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *