রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় সাগর ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জিলাল হোসেন রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার বাসিন্দা দানেজ উদ্দিনের ছেলে। তিনি প্রবাসে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, সকালে নিজ বাড়ি ভবানীপুর থেকে মোটরসাইকেলযোগে কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জিলাল হোসেন। পথে বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *