Saudi Food and Drug Authority (এসডিএফএ) বিশ্বজুড়ে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুসহ বিভিন্ন প্রাণিবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি, প্রাণিবাহিত রোগের বিস্তার এবং আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থাগুলোর ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৪ সাল থেকে ঝুঁকি মূল্যায়ন কার্যক্রম শুরু হলেও সাম্প্রতিক সময়ে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিস্তার বৃদ্ধির কারণে নিষেধাজ্ঞার তালিকা আরও সম্প্রসারণ করা হয়েছে।

সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ

পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে— আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মায়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টিনিগ্রো।

আংশিক নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সীমিত আকারে আমদানির সুযোগ রাখা হয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে কড়াকড়ি বহাল থাকবে।

প্রক্রিয়াজাত পণ্যে শর্তসাপেক্ষ ছাড়

এসডিএফএ জানিয়েছে, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাপ চিকিৎসা বা বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নিউক্যাসল ভাইরাসমুক্ত প্রমাণিত হলে মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্য আমদানির অনুমতি পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক।

কর্তৃপক্ষ আরও জানায়, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিষেধাজ্ঞার তালিকা নিয়মিত পর্যালোচনা ও হালনাগাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *