রাজবাড়ী সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় আহত মো. ইমান মোল্লা (২৭) বর্তমানে গুরুতর অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইমান মোল্লা রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে। তিনি সেনাবাহিনীর একজন সদস্য বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অভিযুক্ত স্ত্রী রোকসানা আক্তার (২৬) একই ইউনিয়নের পারশেল কাটি গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে পারশেল কাটি গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে এ ঘটনা ঘটে। তারাবির নামাজ শেষে ঘুমিয়ে পড়ার পর স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আহত ব্যক্তি চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে স্থানান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। তবে গত তিন বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল এবং স্ত্রী দীর্ঘদিন বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দাম্পত্য বিরোধ ও মানসিক সমস্যাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।

দম্পতির রায়ার মোল্লা নামে সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *