রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক কৃষকের পেঁয়াজ ক্ষেত পরিকল্পিতভাবে নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই বিল এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. হাসান আলী তফাদার ইসলামপুর ইউনিয়নের মাঝদিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তিনি তেনাই বিলের মাঠে ২৪ শতাংশ জমিতে হালি পেঁয়াজের আবাদ করেন। ভালো ফলনের আশায় নিয়মিত সার প্রয়োগ, সেচ ও পরিচর্যার মাধ্যমে ক্ষেতের যত্ন নিয়ে আসছিলেন তিনি।

মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি দেখতে পান তার পেঁয়াজ ক্ষেত ব্যাপকভাবে বিনষ্ট করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক অভিযোগ করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার সৎ ভাই রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর আগে ক্ষতির হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে দুর্বৃত্তরা পুরো ক্ষেত নষ্ট করে দেয়। তিনি আশা করেছিলেন, আগামী চৈত্র মাসে এই জমি থেকে প্রায় ৫০ মণ পেঁয়াজ ঘরে তুলতে পারবেন।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বর তালুকদার বলেন, পেঁয়াজ ক্ষেত বিনষ্টের বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কৃষকদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *